সিঙ্গেল গভর্নমেন্ট জব পোর্টাল ও ভার্চুয়াল ইউনিভার্সিটি তৈরি করবে আইসিটি বিভাগ

২২ জানুয়ারি, ২০২০ ১৯:১৬  
গ্রামকে শহরে রূপান্তর করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে প্রযুক্তির ব্যবহার করে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে আইসিটি বিভাগ একটি যুগপৎ নকশা প্রণয়ন করেছে। ইউজিসি’র পরামর্শে এই নকশা অনুযায়ী একটি সিঙ্গেল গভর্নমেন্ট জব পোর্টাল এবং ভার্চুয়াল ইউনিভার্সিটি তৈরি করতে যাচ্ছে আইসিটি বিভাগ। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ওসমানি মিলনায়তে অনুষ্ঠিত “ডিজিটাল সার্ভিস ডিজাইন এন্ড প্লানিং ল্যাব” সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের কল্যাণে শুধু একটি সফটওয়্যারই তৈরি করা হবে না। একইসঙ্গে একটি সিঙ্গেল গভর্নমেন্ট জব পোর্টাল তৈরি করা হবে। পিএসসি-থেকে শুরু করে সরকারের ৫৬টি মন্ত্রণালয় ও সাড়ে ৩ শ’এজেন্সির নিয়োগ এই পোর্টাল থেকে দেয়া হবে। পোর্টাল থেকে একটি প্রোফাইলের মাধ্যমে একজন শিক্ষার্থী তার নিয়োগের আবেদন ও কাগজপত্র সবজায়গাতেই জমা দিতে পারবে। অ্যাডমিট কার্ড নিজেরাই প্রিন্ট করতে পারবে। কোথাও চাকরির জন্য একটি পয়সাও ঘুষ দিতে হবে না। ভার্চুয়াল ইউনিভার্সিটি অন মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে ফিজিক্যাল স্টেশন হিসেবে সবগুলো বিশ্ববিদ্যালয় এই ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিজরা এই প্লাটফর্মের মাধ্যমে ৪০ লক্ষ ছাত্র-ছাত্রীদের মধ্যে সমানভাবে তাদের বেস্ট ডেলিভারি দিতে পারবেন। জুনাইদ আহমেদ পলক বলেন, গত ১১ বছরে দেশজুড়ে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বর্তমান ৪র্থ শিল্পবিপ্লবে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি মেধা নির্ভর প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব গঠন শুরু হয়েছে। দেশজুড়ে ২৮টি হাইটেক পার্ক গঠন করা হচ্ছে। ৪টি সফটওয়্যার পার্ক নির্মাণ শেষ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ৬৪টি জেলাতেই একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ৮টির কাজ শেষ। ১১টির কাজ চলমান। বাকি ৪৫টি ২০২৫ সালের মধ্যে নির্মাণ শেষ হবে। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট ইন্ডাস্ট্রির যোগসূত্র স্থাপনে ইউজিসির পরামর্শে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্বদ্যালয়, চুয়েট, কুয়েটে ইতিমধ্যেই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন কেন্টার স্থাপনের কাজ শুরু করেছে আইসিটি বিভাগ। ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় মেধা নির্ভর অর্থনীতি গড়ে তুলতে সেন্টার অব এক্সিলেন্স অন ফ্রান্টিয়ার টেকনোলজি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। দেশজুড়ে ১৫১টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে সেন্টার অব এক্সিলেন্স অন ফ্রান্টিয়ার টেকনোলজি স্থাপনের কাজ শুরু করবো। কোনো বিশ্ববিদ্যালয়ে আইওটি, কোনটিতে রোবটিক্স, ভিএলআইসি ল্যাব স্থাপন করা হবে, যোগ করেন জুনাইদ আহমেদ পলক।